1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত পলাশে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৪২ বার
161

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ব্যাটারিচালিত বিভাটেক রিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ শনিবার (৩০ মে) বেলা ১১টায় উপজেলার চক্রধা ইউনিয়নে মনোরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় মাধবদীর গদারচরে ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হন।

শিবপুরের দুর্ঘটনায় নিহত দুজন হলেন, মো. রুবেল শেখ (১৭) ও জুনায়েদ মিয়া (১২)। দুর্ঘটনাকবলিত বিভাটেকরিকশার চালক রুবেল ও যাত্রী জুনায়েদ। রুবেল ও জুনায়েদ উপজেলার চক্রধা ইউনিয়নের লাকুশি গ্রামের মো. খোরশেদ শেখ ও আল আমিন মিয়ার ছেলে। এ ছাড়া গতকাল সন্ধ্যায় মাধবদীতে বাসচাপায় নিহত ব্যক্তির নাম কুসুম আলী (৩৫)। তিনি কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার তাহেরাবাদ এলাকার মো. শহর আলীর ছেলে।

শিবপুরের দুর্ঘটনায় নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, আজ শনিবার বেলা ১১টায় লাকুশি গ্রাম থেকে রুবেল শেখের বিভাটেক রিকশায় চেপে মা মাহফুজা আক্তার ও ছেলে জুনায়েদ মিয়া শিবপুর সদরে যাচ্ছিলেন। অন্যদিকে একটি প্রাইভেটকার শিবপুর থেকে মনোহরদীরতে যাচ্ছিল। বিভাটেক রিকশাটি চক্রধা ইউনিয়নের মনোরটেক এলাকায় ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কে উঠার পর ওই প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩ জনই আঞ্চলিক সড়কে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পেয়ে আহত হন।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। হাসপাতালে নেওয়ার পথেই জুনায়েদ মিয়ার মৃত্যু হয়। ওই হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করে রুবেল শেখকে ঢাকায় রেফার্ড করেন। অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে রুবেল শেখেরও মৃত্যু হয়। পরিবারের সদস্যরা তাদের লাশ নিজ নিজ বাড়িতে নিয়ে যান। এ খবর পেয়ে শিবপুর থানার উপপরিদর্শক জামাল মোস্তফা তাদের বাড়িতে গিয়ে দুই লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

শিবপুরের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোসতানশির বিল্লাহ জানান, সড়ক দুর্ঘটনায় শিশু জুনায়েদকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। আর গুরুতর আহত রুবেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করা হয়েছিল। পরে জেনেছি, ঢাকায় নেওয়ার পথে রুবেলেরও মৃত্যু হয়েছে।

শিবপুর থানার উপপরিদর্শক মো. জামাল মোস্তফা জানান, প্রাইভেটকারের ধাক্কায় বিভাটেকের চালক ও শিশু যাত্রীসহ দুজন নিহত হয়েছেন। এরই মধ্যে প্রাইভেটকারটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এই ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা দিকে মাধবদী থানার গদারচর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ইসলাম সিএনজি পাম্পের সামনে বাসচাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী কুসুম আলী (৩৫)।

হাইওয়ে পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় ব্যক্তিরা জানান, ওই দুর্ঘটনার সময় মোটরসাইকেলে চেপে কুসুম আলী ঢাকা থেকে কিশোরগঞ্জের অষ্টগ্রামে যাচ্ছিলেন। অন্যদিকে সিলেট থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর গদারচর এলাকার ইসলাম সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে আরেকটি গাড়িকে ওভারটেক করার সময় ওই মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় মহাসড়কে ছিটকে পড়ে কুসুম আলী ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে থেকে তাঁর লাশ উদ্ধার করে।

ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT