
আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি মো: এহসান উল্লাহ পিয়ালকে (৩২) গ্রেফতার করেছে বেলাবো থানা পুলিশ। আজ রবিবার (২৩ আগষ্ট) সকালে বেলাবো বাজার সোনালী ব্যাংক সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এহসান উল্লাহ পিয়াল নরসিংদী জেলার বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষীয়া নামাপাড়া গ্রামের মৃত জহিরুল হক (ওরফে উল্লাহ) ও মোসা: খাদিজা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি বেলাবো থানায় দায়ের করা ১৬ নম্বর মামলায় পিয়ালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের (সংশোধনী ২০১৩) ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় রুজু করা হয়।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, নির্দিষ্ট মামলায় পিয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে নির্ধারিত সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।