
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, মানসম্মত পাঠদান ও শিক্ষার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।
মঙ্গলবার মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও চন্দনবাড়ি এস এ পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে টিফিনের পর অধিকাংশ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কম থাকায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ সময় তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষকদের পাঠদান পদ্ধতি, শ্রেণিকক্ষের পরিবেশ এবং শিক্ষার্থীদের পাঠগ্রহণের সার্বিক চিত্র পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনে দেখা যায়, টিফিনের পর বিদ্যালয়গুলোতে অধিকাংশ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে যায়। এতে বিদ্যালয়ের নির্ধারিত সময়ের একটি গুরুত্বপূর্ণ অংশে পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষাকার্যক্রম থেকে পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান বলেন, বিদ্যালয়ের প্রতিটি ক্লাসই শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। টিফিনের পর ক্লাসে অনুপস্থিত থাকার কারণে শিক্ষার্থীরা পাঠের ধারাবাহিকতা হারায় এবং গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে সমস্যায় পড়ে। এর নেতিবাচক প্রভাব পড়তে পারে পরীক্ষার ফলাফলসহ তাদের সামগ্রিক শিক্ষাজীবনে। বিশেষ করে বিজ্ঞানসহ ব্যবহারিক ও অনুশীলননির্ভর বিষয়গুলোতে শ্রেণিকক্ষে উপস্থিত থেকে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী খাতায় নিয়মিত অনুশীলন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের প্রতিদিন প্রয়োজনীয় পাঠ্যবই সঙ্গে আনা, নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা এবং শিক্ষকের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়।
তিনি বলেন, উপস্থিতি বৃদ্ধির প্রয়োজনে বিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মিত উপস্থিতি পর্যবেক্ষণ, অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকদের অবহিতকরণ, শ্রেণিশিক্ষকের মাধ্যমে ফলোআপ এবং অভিভাবক সমাবেশের মতো কার্যকর পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দেন তিনি।
তিনি আরো বলেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টায়ই গড়ে উঠতে পারে নিয়মিত উপস্থিতি, মানসম্মত শিক্ষা ও শৃঙ্খলাপূর্ণ শিক্ষার পরিবেশ। আজকের সচেতনতা ও দায়িত্বশীলতাই হবে আগামী দিনের আলোকিত প্রজন্মের ভিত্তি।