
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে একটি ইজিবাইকের গ্যারেজে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিতে বাঁধা দিতে আসলে ডাকাতরা গ্যারেজ মালিকের পিতা কফিল উদ্দিন ভুইয়া (৫৫) ও তার ছোট ভাই আসিফ ভুইয়া (২২)কে কুপিয়ে যখম করে। এসময় ১৫টি ইজিবাইক থেকে ৬০টি ব্যাটরী নিয়ে যায় সশস্ত্র ডাকাতদল। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার চিনিশপুরে এই ঘটনা ঘটে।
গ্যারেজ মালিক এনামুল হক আকাশ বলেন, বৃহস্পতিবার রাত ২:৪০ মিনিটের দিকে গ্যারেজে রাখা মোটরসাইকেলের জিপিএস প্রযুক্তিতে মোবাইলে কল আসলে সন্দেহ হয়। পরে আমার পিতা মো: কফিলউদ্দিন, ভাই আসিফ ভুইয়াসহ গ্যারেজে গিয়ে দেখতে পাই গ্যারেজের দায়িত্বে নিয়োজিত পাহাড়াদার বাবু (২১) ও ইজিবাইক চালক জুয়েল (৩২)কে বেঁধে রেখে ইজিবাইকের ব্যাটারী ডাকাতি করছিল ডাকাতদল। এসময় ডাকাতরা তার বাবা ও ভাইকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত দুইজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়। সশস্ত্র ডাকাতদল তাড়াহুড়া করে পালাতে গিয়ে তাদের ব্যবহৃত একটি মোবাইল ফোন, ছুরি, জুতা, রশিসহ আলামত ফেলে গেছে।
নরসিংদী সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক বেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি ফেলে যাওয়া আলামতের মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি। আশা করছি দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।