1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে একসঙ্গে তিন বন্ধুর মৃত্যু, পাশাপাশি কবরে দাফন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৬৩৯ বার
49

নিজস্ব প্রতিবেদক : ১০ জুন মঙ্গলবার নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি গ্রামের তিন বন্ধুকে দাফনের জন্য পাশাপাশি তিনটি কবর খোঁড়া হয়। প্রতিবেশী হওয়ায় ছোটবেলা থেকে একসঙ্গে চলাফেরা করতেন। পেশা ভিন্ন হলেও ছিলেন পরস্পরের আত্মার বন্ধু। একসঙ্গে রক্তদানসহ স্বেচ্ছাসেবী নানা কাজ করতেন। তিন বন্ধু মিলে এলাকায় প্রীতি ফুটবল খেলার আয়োজন করেছিলেন। খেলার জন্য জার্সি কিনতে গিয়েছিলেন নরসিংদী শহরে।

মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথে বাসচাপায় তিনজন নিহত হন। পরে জানাজা শেষে পাশাপাশি তিনটি কবরে তাঁদের দাফন করা হয়েছে। বিষাদে পরিনত হয় তিনটি পরিবারের ঈদ আনন্দ। শিবপুরে সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। শিবপুরের ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তিনজনের লাশ হস্তান্তর করা হয়।নিহত তিনজন হলেন শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি গ্রামের মনির মোল্লার ছেলে মো. সাইফুল ইসলাম (২৪), মো. বদুরুদ্দিনের ছেলে মো. আশিক মিয়া (২৩) ও মো. বাবুল মিয়ার ছেলে মো. অপু মিয়া (২০)। সাইফুল মাছের ব্যবসা করতেন, আশিক ট্রাক চালকের সহযোগী ও অপু গাড়িচালক ছিলেন।

পুলিশ, এলাকাবাসী ও স্বজনেরা জানান, এলাকার একটি প্রীতি ফুটবল খেলার জার্সি কিনতে গতকাল সোমবার রাতে তিন বন্ধু মিলে এক হোন্ডা দিয়ে নরসিংদী শহরে গিয়েছিলেন। জার্সি কিনে মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া পেট্রোল পাম্প এলাকায় অনন্যা পরিবহনের একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করতে গেলে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। হোন্ডা দুমড়ে মুচড়ে যায়। এতে তাঁরা সড়কে ছিটকে পড়েন। পরে পেছনে থাকা বাসটি তাঁদের চাপা দেয়।

স্থানীয় লোকজন গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। হাসপাতালে নেওয়ার পথেই সাইফুল ইসলাম ও আশিক মিয়ার মৃত্যু হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত অপু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যায়।পরে তিনজনের লাশ থানায় আনা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মঙ্গলবার সকালে তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিল। তবে স্বজনেরা ‘কোনো অভিযোগ নেই’ উল্লেখ করে ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ার আবেদন করলে বেলা আড়াইটার দিকে তিনজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।

নিহত তিনজনের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনেরা আহাজারি করছেন। এলাকার কয়েক শ মানুষ লাশ দেখতে জড়ো হয়েছেন। একদিকে এলাকার ঈদগাহ মাঠে চলছে জানাজার প্রস্তুতি। অন্যদিকে স্থানীয় কবরস্থানে পাশাপাশি তিনটি কবর খোঁড়া হচ্ছে। দাফনের আগে নিহত আশিকের বাবা বদুরুদ্দিন বলেন, ‘ছেলে তো আর নাই। লাশ কাটাছেঁড়া হোক চাই না। আর অভিযোগ করেই-বা কী হবে? ছেলেকে তো আর ফিরে পাব না।’

তিনি বলেন, তিনজন ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে। মৃত্যুও একসঙ্গে হলো। পাশাপাশি তিনটি কবরে দাফন করার প্রস্তুতি চলছে। নিহত সাইফুলের বাবা মনির মোল্লা বলেন, গতকাল বিকেল চারটার দিকে নিজের মোটরসাইকেলে দুই বন্ধুকে নিয়ে নরসিংদী শহরে জার্সি কিনতে যান সাইফুল। রাতে বাড়িতে ফেরার পথে একটি বাস অন্য আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে চাপা দিলে তিনজন মারা যান। যেহেতু এটি দুর্ঘটনা, তাই কারও বিরুদ্ধে অভিযোগ নেই। এ জন্য ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ার আবেদন করেছিলেন।শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন বলেন, নিহত তিন তরুণের বাবা থানায় এসে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের আবেদন করেন। দুপুরে আনুষ্ঠানিকতা শেষে তাঁদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ ঘটনায় পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT