
মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগর গ্রাম থেকে সুমন মিয়া (৩০) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০:৩০ মিনিটে পূর্ব সৈয়দনগর গ্রামের শমসের ডাক্তারের বাড়ির পাশে জমি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমন মিয়া পুটিয়া ইউনিয়নের তেলিয়া গ্রামের ওবায়দুল হকের ছেলে। সে পেশায় রিক্সা চালক। আগে থেকেই তার খিচুনি রোগ ছিল জানান স্বজনরা।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, পূর্ব সৈয়দনগর গ্রামে শমসের ডাক্তারের বাড়ির পাশে খোকা মিয়ার বাড়ির মালামাল টানত রিক্সা চালক সুমন মিয়া। শুক্রবার দুপুরে সুমন মিয়া রিকশা নিয়ে খোকা মিয়ার বাড়িতে আসলে তাদের গবাদি পশুর জন্য পাশের জমি থেকে ঘাষ কাটতে অনুরোধ করলে প্লাস্টিকের বস্তা ও কাচি নিয়ে ঘাষ কাটতে যায়। ঘাষ কেটে বাড়িতে না ফেরায় খোকা মিয়ার বাড়ির লোকজন খোজাখুজি করে রাতে শমসের ডাক্তারের বাড়ির পাশে বৃষ্টির পানিতে ডুবা এক জমিতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল-মামুন রাত সারে দশটায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে কোনো একসময় খিচুনি রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে সুমন মিয়া মারা যায়।
উপপরিদর্শক (এসআই) আল-মামুন জানান, পূর্ব সৈয়দনগর গ্রামের বৃষ্টির পানিতে ডুবা এক পতিত জমি থেকে সুমন মিয়ার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরে প্রক্রিয়া চলছে।