
সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে কলাবোঝাই মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকের সহকারী আহত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে চরসিন্দুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পলাশ ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, ভোর চারটার দিকে পলাশ উপজেলার চরসিন্দুর বাজারের সামনের সড়কে কলাবোঝাই একটি দ্রুতগামীর মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারায়। পরে ট্রাকটি রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে চালকের সহকারী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় ফায়ার সার্ভিসের সদস্যরা।
পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শুশাঙ্ক কুমার শীল জানান, ধারণা করা হচ্ছে বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় চালকের সহকারীকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি শঙ্কামুক্ত রয়েছেব। তবে তাৎক্ষণিকভাবে চালকের নাম ঠিকানা জানাতে পারেনি।