
নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের ঐতিহ্যবাহী বলাকা মাঠ সংরক্ষণ এবং জনসাধারণের খেলাধুলা ও বিনোদনের জন্য উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১২ জুলাই) ঘোড়াশাল পৌরবাসী ও পলাশ উপজেলার সর্বস্থরের জনগণের ব্যানারে এ মানববন্ধন বলাকা মাঠ প্রাঙনের সামনের সড়কে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, ক্রীড়াপ্রেমী, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। সেখানে লেখা ছিল “একটি মাঠ হারানো মানে একটি প্রজন্মের স্বপ্ন হারানো”, “আমাদের বলাকা মাঠ বাঁচান, আমাদের ভবিষ্যৎ বাঁচান”, “মাঠ বাঁচলে খেলাধুলা বাঁচবে, খেলাধুলা বাঁচলে ভবিষ্যৎ বাঁচবে” এবং “মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন”।
মানববন্ধন ক্রীড়াবিদ ও ক্রীড়া ভাষ্যকার সুমন ভূইয়া এবং আটিয়া একতা সংঘের তৌকির আহমেদ সজিব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার সেক্রেটারি মো. ইকরাম হোসেন, করতেতৈল নবজাগরণ ক্লাবের মাইনুল ইসলাম, ভাগদী ফুটবল দলের অধিনায়ক মো. তুষার, ঘোড়াশাল ফুটবল ক্লাবের মো. সজিব, টেকপাড়া ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা ইয়াকুব আলী, ঘোড়াশাল কিংস ক্লাবের সদস্য বৃন্দ,সমাজসেবক মো. মন্টু মিয়া, মো. সাখায়েত হোসেন ও হাজান আলী প্রমুখ।
বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বলাকা মাঠ শুধু একটি খেলার মাঠ নয়; এটি ঘোড়াশালের ঐতিহ্য, হাজারো শিশু-কিশোরের স্বপ্ন এবং যুবসমাজের প্রাণ। মাঠটি সংরক্ষণ না করা হলে ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ খেলাধুলার পরিবেশ থেকে বঞ্চিত হবে। বলাকা মাঠের ঐতিহ্য ও জনস্বার্থ বিবেচনায় এটিকে সংরক্ষণ করে স্থায়ীভাবে খেলাধুলা ও বিনোদনের জন্য উন্মুক্ত রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।