
নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে অজ্ঞাত এক এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার একটি প্লাস্টিক কারখানার সীমানা প্রাচীরের সামনে থেকে এ মরদেহ উদ্ধার করে ফাঁড়ি পুলিশ। নিহতের আনুমানিক বয়স ৫০ বছর।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বুধবার সকাল ৮ টার দিকে পৌর এলাকার ভাগদী গ্রামের মাল্টিলেয়ার প্লাস্টিক প্যাকেজিং কারখানাটির সীমানা প্রাচীরের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত এক মাস ধরে ওই ব্যক্তি কারখানার আশপাশে বসবাস করছিলেন। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।