
আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবোতে সড়ক দুর্ঘটনায় ট্রাক্টর (ইছার মাথা) চাকায় পৃষ্ট হয়ে আলিশা আক্তার নোহা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার পাটুলী ইউনিয়নের পাটুলী নদীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলিশা আক্তার নোহা উপজেলার পাটুলী এলাকার মো. কাশেম মিয়ার মেয়ে।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে নোহাকে সঙ্গে নিয়ে তার বাবা কৃষিকাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে পাটুলী নদীরপাড় এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক্টরের(ইঁছার মাথা) সঙ্গে ধাক্কা লেগে শিশুটির মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, শিশুটির মৃত্যুর ঘটনায় তার পরিবার কোনো ব্যক্তি বা পক্ষের বিরুদ্ধে অভিযোগ করতে চায় না বলে জানিয়েছে। পরিবারের পক্ষ থেকে ঘটনাটিকে একটি অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তিন বছরের শিশু নোহার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বেলাবোর সড়কে ইছার মাথার অবাধ চলাচল নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, দিনে চলাচল নিষিদ্ধ থাকার কথা থাকলেও বিভিন্ন সড়কে অবাধে চলাচল করছে এসব যানবাহন। ফলে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে এবং ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। জনবহুল সড়কে এসব যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি।
বেলাবো থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা এস এম আমানউল্লাহ বলেন,ট্রাক্টর(ইছার মাথা)চলাচলের উপরে নিষেধাজ্ঞা প্রজ্ঞাপন জারি রয়েছে।শিশুর মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে মৃত্যুর সংবাদ বিষয়ে লিখিত অবগত করেছে।
বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন বলেন,ট্রাক্টর (ইছার মাথা) চলাচলের উপরে নিষিদ্ধ প্রজ্ঞাপনের উপর আমরা প্রতিনিয়ত মোবাইল কোর্ড পরিচালনা করতেছি।আমরা এক রাস্তায় মোবাইল কোর্ড করলে তারা অপর রাস্তায় দিয়ে চলে যায়। নিহত পরিবারের প্রতি শোক প্রকাশ করছি।