
নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নে ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে সাধারণ মানুষকে সুরক্ষা ও ইউনিয়নকে ডেঙ্গুমুক্ত রাখার লক্ষ্যে মশা নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গাবতলি পুরানপাড়া এলাকায় মশা নিধন স্প্রে করার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব খালেদ মাহমুদ, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বদিউজ্জামান, গ্রাম পুলিশসহ স্থানীয় বাসিন্দারা।
কর্মসূচির উদ্বোধনকালে ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন বলেন, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। জনগণকে ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে সুরক্ষা দেওয়ার দায়িত্ববোধ থেকেই ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ মশা নিধন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক বিভিন্ন সতর্কবার্তা প্রচার করা হবে।
চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। একই সঙ্গে কোথাও যাতে পানি জমে মশার বংশবিস্তার না ঘটে, সেদিকেও সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।