
নরসিংদী প্রতিবেদক: আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের পরীক্ষার্থীদের সম্মানে এক আন্তরিক বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ এনং পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী, অভিভাবক, সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ এবং পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল একদিকে ধর্মীয় ভাবগাম্ভীর্য, অন্যদিকে বিদায়ের আবেগমাখা মুহূর্ত।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্কুল গভর্নিং বডির সভাপতি এম. সাজ্জাদুল হাসান বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। দেশ ও সমাজের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাখন দাস, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি মো: বাবুল সরকার, সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব, ৫নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মো: সাইফুল ইসলাম ভুইয়া বাবু প্রমুখ।
এসময় মাখন দাস বলেন, এই বিদ্যালয়েই আমার শৈশব-কৈশোর কেটেছে। এখান থেকেই আমি জীবনের প্রথম শিক্ষা পেয়েছি। আজকের শিক্ষার্থীদের বলবো, তোমরা শুধু পরীক্ষায় ভালো করার জন্য নয়, মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে। এই স্কুল তোমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছে, এখন সেই স্বপ্ন পূরণের দায়িত্ব তোমাদের। তোমাদের মাধ্যমেই শিক্ষকদের সম্মান ও স্কুলের সুনাম বয়ে আনবে।
শিক্ষক-শিক্ষিকারা বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিচারণ করেন। তারা বলেন, এই শিক্ষার্থীদের সাথে কাটানো সময়গুলো আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আমরা আশা করি তারা জীবনে অনেক দূর এগিয়ে যাবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত চন্দ্র দেবনাথ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এসএসসি পরীক্ষা। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও সৎ মনোভাব নিয়ে এগিয়ে গেলে অবশ্যই সফলতা অর্জন করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি। তারা শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানান এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
পরীক্ষার্থীরাও তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, বিদ্যালয়ের স্মৃতিগুলো আমরা কখনো ভুলবো না। এই বিদ্যালয় আমাদের দ্বিতীয় ঘর। শিক্ষকদের দিকনির্দেশনা আমাদের জীবনের পাথেয় হয়ে থাকবে। এসময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়ে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক। পরে শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ করা হয়। সর্বশেষে সকলের অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।