1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি আজ ১০ ডিসেম্বর রায়পুরা হানাদার মুক্ত দিবস বেলাবতে রোকেয়া দিবসে অদম্য নারী পুরস্কার পেলেন সাংবাদিক শাহিনুর আক্তার রায়পুরায় ইটভাটার ম্যানেজারকে কুপিয়ে ২০ লাখ টাকা ছিনতাই শিবপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন বাবরি মসজিদে আঘাতকারী চান ১০০ মসজিদ গড়তে

বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থানে তাকরিম, আজহারীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭৫ বার

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত “৪২ তম বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায়” ১১১টি দেশের মধ্যে বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম ৩য় স্থান অর্জন করায় দোয়া ও অভিনন্দন জানিয়েছেন এ সময়ের জনপ্রিয় আলোচক মিজানুর রহমান আজহারী।

আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধায় মিজানুর রহমান আজহারী তাঁর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে অভিনন্দন ও দোয়া জানিয়ে পোস্ট করেছেন। এই পোস্টটি নিচে দেওয়া হলো : সাবাস তাকরিম! দু’আ ও অভিনন্দন তোমায়।

ওর তিলাওয়াতে একটা বিশেষ আবেদন আছে। রীতিমত মন ছুঁয়ে যায়। আমার ভালো লাগে খুব।

সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত থাকুক। তাকরিমরা বেশি বেশি জন্ম নিক এ ভূখণ্ডে। ছড়িয়ে দিক কুরআনের সুধা বিশ্বময়।

Keep our flag high on global stage 🇧🇩

উল্লেখ্য, স্থানীয় সময় বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে মক্কার পবিত্র হারাম শরিফে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের মধ্যে তৃতীয় বিজয়ী হিসেবে তাকরিমের নামও ঘোষণা করা হয়। এ সময় তার হাতে এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তার উপদেষ্টা ও মক্কা নগরীর গভর্নর খালেদ আল ফয়সাল বিন আবদুল আজিজ এবং দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে শেখসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

কুরআন হিফজের বড় এই প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন হাফেজ অংশ নেয়। তাদের মধ্যে তাকরিম এই বিরাট গৌরব অর্জন করল। সালেহ আহমাদ তাকরিম টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামের হাফেজ আব্দুর রহমানের ছেলে। সে রাজধানীর ‘মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী মাদরাসা’র হিফজ বিভাগের শিক্ষার্থী।

পবিত্র কুরআন প্রতিযোগিতার বৃহৎ এ আসরে অংশ নিতে গত ৯ সেপ্টেম্বর দুপুর ১২টা ৩৫ মিনিটে ফয়জুল কুরআনের প্রধান শিক্ষক হাফেজ কারী মাওলানা আব্দুল্লাহ আল মামুন সালেহ আহমাদ তাকরিমকে নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা হোসাইন রাহমানী। তিনি জানান, এর আগে লিবিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় হাফেজ সালেহ আহমাদ তাকরিম সপ্তম স্থান অর্জন করে। এ বৈশ্বিক প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন করার পাশাপাশি সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে বিশেষ সম্মাননা অর্জন করে সে।

একইসাথে গত ২২ মে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশ এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে লিবিয়ার বন্দরনগরী বেনগাজিতে অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হয় তাকরিম।

তারও আগে তেহরানের আন্দিশাহ (আল-ফিকির) মিলনায়তনে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তাকরিম বিশ্বে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্ব দরবারে সমুন্নত করে। ২০২০ সালের পবিত্র রমজান মাসে বাংলাভিশন টেলিভিশন আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হয় সালেহ আহমাদ তাকরিম।

মক্কায় অনুষ্ঠিত এবারের আন্তর্জাতিক প্রতিযোগিতায় সালেহ আহমাদ তাকরিম ১৫ পারা গ্রুপে (চতুর্থ গ্রুপ) অংশ নেয়। এই গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে লিবিয়ার যিয়াদ মোহাম্মদ খলিল হাবিশ। পুরস্কার হিসেবে সে পেয়েছে এক লাখ ২০ হাজার সৌদি রিয়াল।

দ্বিতীয় স্থান অর্জন করেছে কেনিয়ার আব্দুর রহমান মুসা আব্দুল্লাহ। সে পেয়েছে এক লাখ ১০ হাজার সৌদি রিয়াল। আর তৃতীয় স্থান অর্জনকারী বাংলাদেশের সালেহ আহমাদ তাকরিম। সে এক লাখ সৌদি রিয়াল পুরস্কার পেয়েছে। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় সাড়ে ২৭ লাখ টাকা।

এবারের ‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা’ সর্বমোট পাঁচটি গ্রুপে অনুষ্ঠিত হয়েছে। এতে পুরস্কার দেয়া হয়েছে অন্তত ২৭ লাখ রিয়াল।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT