
সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :নরসিংদীর পলাশে মসজিদে নামাজরত অবস্থায় সৈয়দ মো: রেজাউর রহমান কিবরিয়া (৪২) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ঘোড়াশালের উত্তর চরপাড়া গ্রামের বায়তুল মামুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত সৈয়দ রেজাউর রহমান পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের চরগরদী গ্রামের মৃত সৈয়দ আবুল কালামের ছেলে। তিনি নরসিংদী জেলা হিসাব রক্ষন অফিসের সহকারী হিসাবরক্ষক ছিলেন।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী মুসল্লি এজাজ জানান, রেজাউর রহমান পরিবার নিয়ে ঘোড়াশাল পৌর এলাকার উত্তর চরপাড়া গ্রামের একটি বাসায় বসবাস করতেন। আজ দুপুর সাড়ে ১২টায় তিনি বাড়ির পাশের বায়তুল মামুর জামে মসজিদে জুন্মার নামাজ পড়তে যান। পরে তিনি পৌনে ২টায় নামাজে দাঁড়ানো অবস্থায় সেজদা দিতে গিয়ে ঢলে পড়েন। এ ঘটনা দেখে মসজিদের মুসল্লি ও স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের শশুর পলাশ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম শফি বলেন, রেজাউর রহমান মসজিদেই হিটস্টোক করে মারা গেছেন। তবুও জিবিত আছে ভেবে হাসপাতালে নেওয়া হয়েছিল। আজ রাত ১১টায় চরগরদীতে জানাজার নামাজ শেষে তার বাবার কবরের পাশে দাফন সম্পন্ন হবে।