1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

নরসিংদীতে আবারও বেড়েছে হত্যাকান্ড, ১২ দিনে ৭ খুন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১০ বার

ডেস্ক রিপোর্ট : খুনের নগরীতে পরিণত হয়েছে নরসিংদী। প্রতিনিয়তই ঘটছে খুনের মতো ঘটনা। বেড়েছে আধিপত্যের লড়াই ও গোষ্টিগত দাঙ্গা, ডাকাতি ও ছিনতাই। মাদক আর চাঁদাবাজির ভাগভাটোয়ারাকে কেন্দ্র করে খুন-খারাবী এখন নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। হরহামেশা এসব খুন খারাবী ঘটলেও তা নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা রাখতে পারছেনা আইন শৃঙ্খলা বাহিনী। ফলে নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। আর জেলায় এখন খুনের অভয়ারণ্যে পরিণত হয়েছে। (খবর চ্যানেল ২৪)

গত ১২ দিনে জেলার তিনটি উপজেলায় সাতটি খুনের ঘটনা ঘটেছে। প্রতিদিনই কোথাও না কোথাও চলছে অস্ত্রের মহড়া, ছিনতাই, সাংবাদিকের ওপর হামলা এবং প্রকাশ্যে গোলাগুলি। অথচ এ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের তৎপরতা প্রায় উদাসীন। ফলে আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মনে। অপরাধীদের কাছে যেন জিম্মি হয়ে পড়েছে পুরো জেলাবাসী।

অন্যদিকে পৌর শহরের মদনগঞ্জ লাইন রোডে প্রায় প্রতিদিনই ঘটছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। সন্ধ্যা ৬টার পর থেকেই পৌর বাসষ্ট্যান্ড সংলগ্ন এই সড়কটি ডাকাতদের কবলে চলে যায়। এই পথে প্রতিদিন মাধবদী শেখেরচর এলাকার বড় বড় ব্যবসায়ীরা আসা যাওয়া করে। বহন করে কোটি কোটি টাকা। ফলে ডাকাতদের কবলে পড়তে হচ্ছে এই সড়কে যাতায়াতরত পথচারী ও গাড়ী। ডাকাত দল দা, ছুরি ও অস্ত্র শস্ত্র নিয়ে গাড়ী থামিয়ে সাধারণ মানুষদের জিম্মি করে লুট করে নিচ্ছে সর্বস্ব। ডাকাতদল লুট করেই ক্ষান্ত হচ্ছে না। তারা মানুষকে এলোপাতাড়ি কুপিয়ে জখমও করছে। সদর থানা পুলিশের নাকের ডগায় প্রায় প্রতিদিন এ ডাকাতির ঘটনা ঘটলেও সদর থানা পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে।

জানা যায়, ১৯ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে সদর উপজেলার আলোকবালীতে প্রকাশ্যে অস্ত্রের মোহড়া ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষণ করে শক্তির প্রকাশ ঘটায় আলোকবালী ইউনিয়নের বিবদমান দুইটি গ্রুপ। এসময় প্রতিপক্ষের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় ফেরদৌসি আক্তার (৩৫) নামে এক গৃহবধূ।

আওয়ামী লীগের নেতাকর্মীর হাতে বিএনপির কর্মী খুন: বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার আলোকবালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা ইদন মিয়া নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করে। নিহতের স্বজনরা জানিয়েছে, এলাকার আধিপত্য বিস্তার ও মেঘনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে সদর উপজেলার দূর্ঘম চরাঞ্চল আলোকবালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এড. আসাদ আলী গ্রুপের সঙ্গে আলোকবালি ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-আহবায়ক নোয়াবআলীর সঙ্গে দন্দ চলে আসছিল। এরই মধ্যে ৫ই আগস্ট ফ্যাসিষ্ট হাসিনা দেশ ছেড়ে পলায়নের পর আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এক বছর পর বৃহস্পতিবার ভোর রাতে আওয়ামী লীগ সভাপতি এড. আসাদ আলীর সমর্থকরা পুনরায় গ্রামে ঢোকার চেষ্টা করে। ওই সময় বিএনপির লোকজন বাধা দেয়। ওই সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সে সময় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি নেতা কর্মীদের উপর এলোপাতাড়ি গুলি বর্ষণ শুরু করেন। এতে ইদন মিয়া নামে একজন বিএনপির কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। আহত হয় কমপক্ষে ২৫ জন।

স্বামীর হাতে স্ত্রী খুন: বৃহস্পতিবার একই রাতে রায়পুরার পলাশতলী গ্রামে পারিবারিক কলহে স্বামী মানিক মিয়ার ছুরিকাঘাতে স্ত্রী শিউলি আক্তার (৩০) খুন হন। ঘটনার সময় শিউলিকে ছুরি দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘাতক স্বামী মানিক মিয়াকে পুলিশ আটক করেছে।

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: রোববার (১৪ সেপ্টেম্বর) রায়পুরার জঙ্গি শিবপুর এলাকায় মানিক মিয়া নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে নদীর পাড়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি। রাত ১টার দিকে স্বজনরা তার মরদেহ উদ্ধার করেন।

চাচার হাতে দুই ভাই খুন: গত ১০ সেপ্টেম্বর শিবপুরের বৈলাব গ্রামে পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে চাচা মামুন এবং তার দুই ছেলে দিদার ও বিদ্যুৎ তাদের চাচাতো ভাই সোহাগ (৪০) ও রানাকে (৩৫) কুপিয়ে হত্যা করে। রানা ঘটনাস্থলে মারা যান, সোহাগকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়।

কৃষক খুন: ৮ সেপ্টেম্বর রায়পুরার চরমধুয়া ইউনিয়নের সমীবাদ গ্রামে জাকির মিয়া ও খোকা আলমের মধ্যে বিরোধ থেকে জাকিরের অনুসারীরা অতর্কিত হামলা চালায়। গুলিতে নিহত হন কৃষক দুলাল মিয়া (৪৫)। আহত হন কিশোর নাহিম (১৪)। হামলায় অন্তত ১০টি বাড়িঘর ভাঙচুর হয়।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সম্পাদক হলধর দাস বলেন, ৫ আগস্টের পর পুলিশের মনোবল দুর্বল হয়েছে। অপরাধ বেড়েছে। এখনই নিয়ন্ত্রণ না করলে মানুষ আইন নিজের হাতে তুলে নেবে।

নরসিংদী জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য জেলা পুলিশ কাজ করছে। আমরা সকল বাহিনীর সহায়তায় স্বল্প সময়ের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এছাড়া সাম্প্রতিক সময় যে সব হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। তার মধ্যে ৪টি পারিবারিক। আর আধিপত্য বিস্তার নিয়ে ৩টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা ইতিমধ্যেই প্রায় সবগুলো ঘটনার অভিযুক্তদের আইনের আওতায় এনেছি। এবং আধিপত্য বিস্তার ও গোষ্টিগত দাঙ্গা রোধে আমরা স্থানীয়দের সহায়তা নিয়ে তা রোধ করবো।

নিউজ: চ্যানেল ২৪ থেকে সংগৃহীত।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT