
সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাংগা ইউনিয়ন ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম হত্যা মামলার প্রধান আসামি সাফাদি মির্জা বিজয়সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত আনুমানিক ৩ টার দিকে কক্সবাজারের মহেশখালী থানাধীন ঠাকুরপাড়া এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ২ আগস্ট রাত আনুমানিক পৌনে ২টার দিকে পলাশ থানাধীন হাসানহাটা (ফকিরবাড়ী) এলাকায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইব্রাহিম আল মাসুম ও তার সহযোগীদের ওপর হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে গুলি ছোড়ে। এতে ইব্রাহিম আল মাসুম(৩৩) গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন।
গুরুতর আহত ইব্রাহিম আল মাসুমকে ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ আগস্ট সকাল সাড়ে নয়টার তিনি মারা যান।
এ ঘটনায় ৪ আগস্ট পলাশ থানায় একটি মামলা করা হয়। মামলায় ৩৭ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়।
পুলিশ আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় সিপিএসসি নরসিংদী র্যাব-১১-এর সহায়তায় মহেশখালীতে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি সাফাদি মির্জা বিজয়সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, হাসানহাটা ফকিরবাড়ীর সাফাদি মির্জা বিজয় (২৫), শাহ আলম ফকির (৩০), রিফাত ওরফে বাবু ফকির (২২), তুষার (২৫) ও মেহেদী (২০)।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের কাছ থেকে রক্তমাখা ও সম্পূর্ণ ভাঙা ৩২ ইঞ্চি একটি টেলিভিশন, রক্তমাখা দুটি কেয়া সাবান এবং অগ্রভাগ ভাঙা একটি ছেনি জব্দ করা হয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের নরসিংদী কোর্টে পাঠানো হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।