
আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবো থানা পুলিশের এক বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজা’সহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে উপজেলার গোসলাকান্দা এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম লাকী (৪০)। তিনি বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের গোসলাকান্দা গ্রামের মৃত চাঁন মিয়ার মেয়ে এবং আব্দুল জলিলের স্ত্রী। পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেফতারের সময় তার কাছ থেকে ২২ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।
বেলাবো থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বেলাবো থানার এসআই (নিঃ) তমাল সরকার সঙ্গীয় ফোর্সসহ এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল সংক্রান্ত নিয়মিত ডিউটি করছিলেন। রাত আনুমানিক ১১টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, গোসলাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে মাদক কেনাবেচা চলছে।
খবর পেয়ে পুলিশের আভিযানিক দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে জনৈক কাদিরের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন অবস্থায় লাকীকে অবস্থান করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে নারী কনস্টেবলের সহায়তায় তাকে আটক করা হয়।পরে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২২ পিস ইয়াবা এবং ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ২২ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬,৬০০ (ছয় হাজার ছয়শত) টাকা এবং ৫০ পুরিয়া গাঁজার আনুমানিক মূল্য ৩,০০০ (তিন হাজার) টাকা। সব মিলিয়ে প্রায় ৯,৬০০ টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
এ বিষয়ে বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমানউল্লাহ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন। শনিবার সকালে আসামিকে নরসিংদী আদালতে প্রেরণ করা হয়েছে।
বেলাবোতে পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা আশা করছেন, নিয়মিত এমন অভিযানের ফলে এলাকায় মাদকের বিস্তার রোধ করা সম্ভব হবে।