
নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে আল আমিন (২৯) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাথরদিয়া ঈদগাহ মাঠ সংলগ্ন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আল আমিন নরসিংদী সদর উপজেলার শিলমান্দী এলাকার চাঁন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১ টার দিকে দৌলতপুর ইউনিয়নের পাথরদিয়া ঈদগাহ মাঠের পাশে স্থানীয় লোকজন যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে মনোহরদী থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মনোহরদী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মাহতাবুর রহমান জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পিবিআই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করে। ধারণা করা হচ্ছে অটো রিকশা চুরির জন্য তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। এ ঘটনায় মামলার কাজ চলমান রয়েছে বলেও তিনি জানান।