
সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটে নিয়মিত ও মানসম্মত পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাঁচজন শিক্ষকের অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র দুইজন শিক্ষক। ফলে ১৭৫ জন শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষকে।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রত্না আক্তার প্রশাসনিক ও দাপ্তরিক বিভিন্ন কাজে অধিকাংশ সময় ব্যস্ত থাকায় শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান করা তাঁর পক্ষে সম্ভব হয় না। ফলে প্রায় পুরো বিদ্যালয়ের পাঠদানের দায়িত্ব এসে পড়েছে সহকারী শিক্ষক সঞ্চন মিত্রের ওপর।
বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, একাই একাধিক শ্রেণির শিক্ষার্থীদের একসঙ্গে পাঠদান করছেন তিনি। অনেক সময় একই সঙ্গে দুই থেকে তিনটি শ্রেণির ক্লাস নিতে হচ্ছে। আবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাপ্তরিক কাজে বিদ্যালয়ের বাইরে থাকলে বিদ্যালয়ের ২৪টি ক্লাস একাই পরিচালনা করতে হয় সহকারী শিক্ষককে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসের শুরুতে বিদ্যালয়ে চারজন শিক্ষক কর্মরত ছিলেন। তবে জানুয়ারির শেষ দিকে একজন শিক্ষক পিটিআই প্রশিক্ষণে এবং অপর একজন মাতৃত্বকালীন ছুটিতে চলে যাওয়ায় দীর্ঘদিন ধরে মাত্র দুইজন শিক্ষক দিয়ে পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে।
এ অবস্থায় শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিভাবকদের অভিযোগ। তারা দ্রুত শূন্য পদে শিক্ষক নিয়োগ দিয়ে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পলাশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুলেখা শারমিন বলেন, উক্ত বিষয়ে আমি অবগত হয়েছি এবং খুব দ্রুত এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগ ফিরিয়ে আনা হবে ।