1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবপুরে বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৭০ বার
84

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলায় নৃশংসভাবে খুন হওয়া এক্সকাভেটর ও মুদি ব্যবসায়ী শরৎ চক্রবর্তী ওরফে মণি (৪০) হত্যাকাণ্ডের দীর্ঘ ৫ মাস পেরিয়ে গেলেও এখনো অধরা রয়ে গেছে মূল অপরাধীরা। বার বার প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা না পেয়ে চরম ক্ষোভ, হতাশা আর নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে নিহতের অসহায় পরিবারটি। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে এখন স্তব্ধ নিহতের পুরো পরিবার।

ঘটনার বিবরণী থেকে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে নিজ বাড়ির ফটকের সামনে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় শরৎ চক্রবর্তী মণিকে। তিনি চরসিন্দুর বাজারে পৈতৃক মুদিদোকান পরিচালনার পাশাপাশি এক্সকাভেটর (খননযন্ত্র) ভাড়া দিতেন। ঘটনার দিন দোকান বন্ধ করে বাড়িতে ফেরার পথে ওত পেতে থাকা ঘাতকরা তার মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপায়। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে এবং তার আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ঘাতকরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি।

হত্যাকাণ্ডের পর ৫ মাস অতিবাহিত হলেও মূল আসামিরা আইনের আওতায় না আসায় নিহতের স্ত্রী, বৃদ্ধ পিতামাতা এবং ভাই চরম আক্ষেপ প্রকাশ করেছেন।

নিহতের স্ত্রী অন্তরা মৌখাজী স্বামীর ছবির দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিতে দিতে বলেন:
> “যে মানুষটা কোনোদিন পিঁপড়েরও ক্ষতি করেনি, তাকে এভাবে পশুর মতো কুপিয়ে মারা হলো! ৫টা মাস ধরে আমরা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছি। আমাদের চোখের জল কি কারও চোখে পড়ে না? আমরা আর কিছু চাই না, শুধু এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আর খুনিদের ফাঁসি চাই।”

জীবনের শেষ প্রান্তে এসে সন্তানের এই অকাল মৃত্যু সইতে পারছেন না নিহতের বৃদ্ধ বাবা মদন চক্রবর্তী (৭২) এবং মা গঙ্গা রাণী চক্রবর্তী (৬৫)। জীর্ণ শরীরে ফোঁটা ফোঁটা অশ্রু ঝরিয়ে বৃদ্ধ বাবা বলেন, “বৃদ্ধ বয়সে সন্তানের লাশ কাঁধে তোলার চেয়ে বড় অভিশাপ আর পৃথিবীতে কিছু নেই। আমরা তো কোনো অন্যায় করিনি। মরার আগে শুধু আমার সোনা ছেলের হত্যাকারীদের ফাঁসির দড়িতে ঝুলতে দেখে যেতে চাই।”

নিহতের ভাই রনি চক্রবর্তীও ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, “প্রতিটা দিন বিভিন্ন জায়গায় মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি একটু বিচারের আশায়। কিন্তু আজ পাঁচ মাস হতে চলল, কোনো বিচার পেলাম না। আমরা এতটাই অসহায়। কেউ আমাদের পাশে নেই।”

এই হত্যাকাণ্ড এবং বর্তমান তদন্তের অগ্রগতির বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, ঘটনাটি পুলিশ অত্যন্ত গুরুত্বসহকারে দেখছে। মামলার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় এনে গ্রেফতার করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT