সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : বস্ত্র ও পাটমন্ত্রী মো: শরীফুল আলম বলেছেন, নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশের বন্ধ জুট মিলগুলো চালু করার লক্ষ্যে কাজ করছে সরকার। সরকারি-বেসরকারি যে কোন ব্যবস্থাপনায় জুটমিল গুলো চালু করা হবে।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নরসিংদীর পলাশ উপজেলার কো-অপারেটিভ জুটমিল সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, অনেক দিন ধরে বন্ধ রয়েছে কো-অপারেটিভ জুটমিল। এই জুটমিলের টেন্ডার প্রক্রিয়া চলমান আছে এবং ইওআই হয়ে গেছে। এটা প্রাথমিকভাবে মন্ত্রণালয়ে প্রস্তাবনায় যাবে। আমরা প্রাইভেট সেক্টরে এই মিলকে চালু করার জন্য প্রক্রিয়া শুরু করেছি।
প্রতিমন্ত্রী আরও বলেন, একটি সময় এখানে হাজার হাজার মানুষ কাজ করতেন। নরসিংদীর এই প্রতিষ্ঠান গুলো একটি ইন্ডাস্ট্রিয়াল বেল্ড। এখানে মানুষের আবেগ জড়িত। আমরা মনে করি এই মিলগুলো বন্ধ হওয়ার কারণে কর্মসংস্থান অনেক কমে গেছে। এই এলাকার মানুষ কাজ করে জীবন-জীবিকা নির্বাহ করতেন। যেহেতু আমরা জনগনের সরকার, আমাদের মূল লক্ষ্যই হলো বন্ধ মিলগুলো চালু করা।
তিনি বলেন, এখানে ইন্ডাস্ট্রি হলে অন্য জেলা ও বিভাগ থেকে মানুষ এনে এখানে কাজ করানো যাবে না। এখানের মানুষদেরই চাকরির ব্যবস্থা হবে। হয়তো যারা এক্সপার্ট ও গুরুত্বপূর্ণ পজিশনে আছেন তাদের অন্য স্থান থেকে হতে পারে। কিন্তু জেনারেল ম্যানপাওয়ার যা লাগবে তা স্থানীয়ভাবেই হবে।
প্রতিমন্ত্রী বলেন, নরসিংদীর দুটিসহ সরাদেশেই বন্ধ কারখানাগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। এসব কারখানায় দেশি-বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করা হচ্ছে, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। বিগত সরকারের সময়ে জুটমিল বন্ধ হয়ে যাওয়ার ফলে বেশকিছু মানুষ বেকার হয়ে পড়ে। বর্তমান সরকার জনগণের সরকার, তাই জনগণের কল্যাণে ও তাদের কর্মসংস্থানে এই সরকার বদ্ধপরিকর।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিজিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো: কবির উদ্দিন সিকদার, মুখ্য পরিচালনা কর্মকর্তা মামুনুর রশীদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত সিকদার ও পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ প্রমুখ।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩