আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবোতে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে চার কেজি অবৈধ গাঁজাসহ এক নারীসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ১৮ ও ১৯ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা ও ধুকুন্দি এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ১৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেলাবো থানার এসআই মোহাম্মদ নবী হোসেনের নেতৃত্বে একটি দল বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় ডিউটি করছিল। এসময় বারৈচা সাকিনস্থ লাবিবা বাস কাউন্টারের সামনে থেকে রুপালী খাতুন (৪০) নামের এক নারীকে তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রুপালী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বাসিন্দা। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। এর পরদিন ১৯ এপ্রিল সকালে মহাসড়কের ধুকুন্দি চিপাঘাট এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। এসআই মোঃ মাহবুব আলীর নেতৃত্বে পুলিশি তল্লাশিকালে ২ কেজি গাঁজাসহ মো: রবিউল ইসলাম (৩০) ও মো: কাশেম মিয়া (৪০) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। রবিউল ইসলাম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং কাশেম মিয়া হবিগঞ্জের চুনারুঘাট এলাকার বাসিন্দা। এ বিষয়ে বেলাবো থানা প্রশাসন জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমানউল্লাহ জানান, মহাসড়ক ব্যবহার করে মাদক পাচার রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং বারৈচা ও ধুকুন্দির মতো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃতদের ইতিমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩