নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে টিকটক করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মেঘলা আক্তার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৮ মার্চ) দুপুরে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত মেঘলা আক্তারের বাবা মো. শাহ আলম মোল্লা প্রবাসে অবস্থান করছেন।
জানা যায়, দুপুরে কাঁঠালিয়া ইউনিয়নের ফজুরকান্দি কান্দাপাড়া এলাকার একটি পুকুরের পাড়ে ভিডিও (টিকটক) ধারণ করতে মেঘলা তার তিন বান্ধবীকে নিয়ে যায়। এ সময় অসাবধানতাবশত পা পিছলে ২০ ফুট গভীরতার পুকুরে পড়ে নিখোঁজ হয় মেঘলা। এ ঘটনা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে মাধবদী ফায়ার সার্ভিসকে জানানো হয়।
পরে সংবাদ পাওয়ার পরপর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় এবং বিকেল ৩ টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
দীর্ঘ অনুসন্ধানের পর বিকেল ৪টা ৪৫ মিনিটে পানির গভীরতা থেকে মেঘলার নিথর দেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয় জনতার উপস্থিতিতে মরদেহ তার খালার কাছে হস্তান্তর করা হয়।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩