মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা সেই প্রবীণ শিক্ষক আবু সাঈদ মোগল (৭০) আঠারো দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১১ মার্চ) রাতে ঢাকায় জাতীয় অর্থোপেডিক (পঙ্গু হাসপাতাল) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় জড়িত প্রতিবেশী দুই ভাইকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১১ মার্চ) রাতে কক্সবাজার থেকে র্যাব ১১ নরসিংদী ও র্যাব–১৫ কক্সবাজার কর্তৃক যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-১১ নরসিংদী ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো: আরিফুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক আবু সাঈদ মোগলের দুই পায়ের রগ কর্তন করে প্রতিবেশী স্বপন মোগল ও তার ভাই কিরন মোগল। ঘটনার পরের দিন ওই শিক্ষকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ঘটনার সাথে জড়িত স্বপন মোগল ও কিরন মোগলে বাড়িঘর ভাংচুর করে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী।
পায়ের রগ কর্তন করার ঘটনায় শিক্ষক আবু সাঈদ মোগলের মেয়ে বাদী হয়ে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
র্যাব-১১ ক্যাম্প কমান্ডার মো: আরিফুল ইসলাম জানান, ঘটনার পর থেকে স্বপন মোগল ও তার ভাই কিরন মোগল আত্মগোপনে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য শিবপুর মডেল থানার আবেদনের প্রেক্ষিতে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদী কন্ঠস্বর @২০২৩