
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় র্যাব-৭ এর ক্যাম্প থেকে পলাশ সাহা (৩৭) নামে র্যাবের এক সিনিয়র এএসপির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে পলাশ সাহা আত্মহত্যা করেছেন।
বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২ টায় র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের তৃতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দুপুর আড়াইটার দিকে এই খবর প্রকাশ হওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে এসেছেন। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।
ওই চিরকুটে উল্লেখ করা হয়, ‘আমার মৃত্যুর জনা মা এবং বউ কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।’
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আমিরুল ইসলাম বলেন, পলাশ সাহার অফিস কক্ষে গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। কেন কিভাবে পলাশ সাহার মৃত্যু হলো তা তদন্ত করে দেখা হচ্ছে।