
নিজস্ব প্রতিবেদক : রবি মৌসুমের কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় নরসিংদীতে বোরো ধানের সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীর ধান কর্তন উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩নমে) দুপুরে সদর উপজেলার বাগহাটা এলাকায় আধুনিক পদ্ধতিতে মেশিন চালিয়ে এর উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল হাই, সহকারী কমিশনার সিনথিয়া হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বণিকসহ অন্যরা।

এসময় কৃষি বিভাগ জানায়, এক বিঘা জমি সনাতন পদ্ধতিতে ধান চাষে আট থেকে দশ হাজার টাকা খরচ করে ধান পান মাত্র আট থেকে দশ মন। আর সমলয় পদ্ধতিতে এই ধান চাষ করলে বিঘাপ্রতি খরচ হয় মাত্র পাঁচ হাজার টাকা। ধান পাওয়া যায় পনেরো থেকে বিশ মন। এছাড়া এই পদ্ধতিতে ধান চাষ করলে সনাতন পদ্ধতির তুলনায় পনেরো থেকে বিশ দিন আগেই ধান কাটা সম্ভব হয়। তাই এই পদ্ধতিতে ধান চাষে দিন দিন কৃষকদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।