নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলায় পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলকে কেন্দ্র করে হামলা, দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে একাধিক ব্যক্তিকে গুরুতর আহত, এক নারীকে শ্লীলতাহানি এবং চার লাখ টাকার বেশি মূল্যের নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগে বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
আজ বৃহস্পতিবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এসব অভিযোগ তুলে ধরে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা নিজেদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, উপজেলার পলাশতলী ইউনিয়নের খাকচক গ্রামের মৃত বাহির মিয়ার ছেলে কুদ্দুস মিয়া গত ১৮ সেপ্টেম্বর রায়পুরা থানায় আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা করে আসছিল অভিযুক্তরা।
তাদের দাবি, ১৮ সেপ্টেম্বর গাছপালা কাটার ঘটনায় থানায় অভিযোগ করার পরদিন ১৯ সেপ্টেম্বর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। এতে কুদ্দুস মিয়ার ভাবীকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগও তোলা হয়।
পরিবারের সদস্যরা আরও অভিযোগ করেন, কুদ্দুস মিয়া ও তার ১৪ বছর বয়সী ভাতিজি সামিয়া এগিয়ে এলে তাদের ওপরও চাপাতি, লোহার রড ও লাঠি দিয়ে হামলা চালানো হয়। এতে কুদ্দুস মিয়ার মাথায় গুরুতর আঘাত লাগে এবং সামিয়া মারাত্মকভাবে আহত হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, হামলার পর বসতঘরে ভাঙচুর চালিয়ে প্রায় এক লাখ টাকার ক্ষতি করা হয়। পাশাপাশি নগদ ৪৫ হাজার ৩০০ টাকা, আরও ৩০ হাজার টাকা এবং প্রায় দেড় ভরি স্বর্ণালঙ্কারসহ মোট ৪ লাখ ৫ হাজার ৩০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা।
ভুক্তভোগী পরিবার দাবি করে, হামলাকারীরা যাওয়ার সময় জমিতে বাধা দিলে কুপিয়ে হত্যার এবং ককটেল মেরে বাড়িঘর উড়িয়ে দেওয়ার হুমকিও দেয়।
বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার জানায়। সংবাদ সম্মেলনে তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আইনানুগ প্রক্রিয়ায় তদন্ত চলছে বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬