নিজস্ব প্রতিবেদক :নরসিংদীর মাধবদীতে বেপরোয়া গতির একটি ট্রাকের সংঘর্ষ এড়াতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে এক শিশুসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় পথচারী শিশুটির একটি পা ভেঙে গেছে।
আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে নয়টার দিকে নরসিংদী থেকে মাধবদী আসার পথে ফায়ার সার্ভিস স্টেশনের অদূরে চৌদ্দ পাইক্কা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন, ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) নরসিংদী সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক শাওন খন্দকার শাহিনের স্ত্রী কারিমা আক্তার (২৯) ও তাঁর সন্তান আয়েশা খন্দকার তুবা, মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা আশরাফুন্নেছা সানি (৫২), এবং পথচারী শান্তা আক্তার (৩০) ও তাঁর ৫ বছরের শিশু মিল্লাত হোসেন, অটো চালক। কারিমা আক্তার ও আয়েশা খন্দকার মাধবদী পৌর শহরের বাসিন্দা, শিক্ষিকা আশরাফুন্নেছা নাগরিয়াকান্দীর এবং শান্তা আক্তার ও শিশু মিল্লাত আনন্দী এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে নরসিংদী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত অটোরিকশা মাধবদীর চৌদ্দ পাইক্কা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক সেটিকে প্রায় ধাক্কা দেওয়ার উপক্রম করে। ট্রাকটির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারালে অটোটি উল্টে যায় এবং যাত্রীরা আহত হন। ঘটনার পর ঘাতক ট্রাকটি নরসিংদীর দিকে পালিয়ে যায়।
দুর্ঘটনার বিষয়ে সাংবাদিক শাওন খন্দকার শাহিন বলেন, “দুর্ঘটনার কবলে পড়া অটোরিকশায় আমার স্ত্রী ও মেয়ে ছিলেন। এ ছাড়া মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা এবং রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক মা ও তাঁর ৫ বছরের শিশু অটোর নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। এসময় অটো চালকও আহত হয়, পরে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে মাধবদী স্বাস্থ্য সেবা হাসপাতালে নিয়ে যায়।”
তিনি আরও বলেন, “খবর পেয়ে ওই হাসপাতাল থেকে স্ত্রী ও সন্তানকে আহত অবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে নিই। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাসায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনায় আহত শিক্ষিকাও প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে গুরুতর আহত ৫ বছর বয়সী শিশু ও তার মায়ের উন্নত চিকিৎসা প্রয়োজন।”
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬