সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নরসিংদী-২ আসনের সাংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, পূর্ববর্তী সময়ে কঠিন সময় ছিল, এখন আমরা এদেশে স্বাধীনভাবে আমাদের ধর্ম কর্ম করতে পারি এবং বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে।
তিনি আজ বৃহস্পতিবার (২৮ মে) সকালে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশ নিয়ে এসব কথা বলেন।
মঈন খান আরও বলেন, ইসলাম ধর্মের মূলকথা হলো শান্তি। এদেশ ছোট্ট একটি দেশ, আমাদের জনসংখ্যা বৃহৎ। এখানে বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের বসবাস। বর্তমান সরকার বিশ্বাস করে এদশের সকল মানুষ সমান, যে নিশ্চয়তা পৃথিবীতে ইসলাম ধর্ম দিয়েছে। ইসলামের অপর নাম হলো সাম্য ও শান্তির ধর্ম। এজন্য বিশ্বের বুকে ইসলাম একটি বিশিষ্ট ধর্ম হিসেবে পরিচিত। এই ধর্ম কারও মধ্যে কারও ভেদাভেদ করে না। এই ধর্ম সকল মানুষকে শান্তির সঙ্গে বসবাস করতে দেয়। আমরা বাংলাদেশে সব মানুষ সুখে শান্তিতে মিলেমিশে বসবাস করতে চাই। এখানে আমরা কারও সঙ্গে ভেদাভেদ চাই না।
মঈন খান বলেন, আসুন আমরা মহান আল্লাহ তায়ালা ঈদুল আযহার যে আত্মত্যাগের শিক্ষা আমাদের দিয়েছেন যেই শিক্ষা গ্রহণ করে সত্যিকারের মানুষ হয়ে, এদেশের সত্যিকার নাগরিক হয়ে গড়ে উঠি এবং বাংলাদেশকে বিশ্বের বুকে সম্মানের সাথে পরিচিত করি।
এসময় আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এ সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া ও পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূঁইয়া সোহেল প্রমুখ।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬