সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে পৃথক ঘটনায় শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আটিয়াগাঁও এবং ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া-কান্দাপাড়া ও কামতাল গ্রামে এসব ঘটনা ঘটে।
আহতরা হলেন—মো. সাইফুল্লাহ (৪০), হেলেনা বেগম (৪৫), হাফিজা বেগম (৬০), খালেক মিয়া (৪০), মো. আল আমিন (৪০), তাসলিমা বেগম (৪৮), আনোয়ারা বেগম (৪৫), শাহিদা বেগম (৪৩), আবদুস সাত্তার (৬৫) ও সালেহা বেগম (৪৫)।
আহতদের স্বজনরা জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৯টার মধ্যে এসব হামলার ঘটনা ঘটে। কেউ মসজিদে যাওয়ার পথে, আবার কেউ বাড়ির আঙিনা ও আশপাশে কাজ করার সময় শিয়ালের কামড়ের শিকার হন। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান।
আটিয়াগাঁও গ্রামের বাসিন্দা এইচ এম কাউসার হোসেন জানান, শুক্রবার সকালে তাঁদের গ্রামে খালেক মিয়াসহ দুই নারী শিয়ালের কামড়ে আহত হন। পরে স্থানীয়রা ধাওয়া করে একটি শিয়ালকে বাড়ির পাশের একটি গর্তে ফেলে মেরে ফেলেন।
নরসিংদী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. বিপাশা মাসুক জানান, শিয়ালের কামড়ে আহত ১০ জন জরুরি বিভাগ থেকে চিকিৎসাপত্র নিয়ে হাসপাতালের ভ্যাকসিন কেন্দ্রে টিকা নিয়েছেন। শিয়ালের কামড় থেকে সতর্ক থাকতে এবং কোনো প্রাণীর কামড়ের শিকার হলে দ্রুত চিকিৎসা নিতে পরামর্শ দিয়েছেন তিনি।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬