সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভুবন চন্দ্র ভৌমিক (৫৯) নামে এক সাবেক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত ভুবন চন্দ্র ভৌমিক পলাশ উপজেলার পন্ডিতপাড়া গ্রামের প্রয়াত অমৃত লাল ভৌমিকের ছেলে। তিনি দক্ষিণ দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।
স্বজন ও সহকর্মীরা জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভুবন চন্দ্র ভৌমিক পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। বুধবার দিবাগত রাতে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ভুবন চন্দ্র ভৌমিকের মৃত্যুতে পলাশ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের সহকর্মী, শিক্ষক সমাজ ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬