নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে একমাত্র শিশু কন্যা সন্তানকে ঝড়-বৃষ্টির মধ্যেই রাস্তায় ফেলে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে গেলেন মা নাদিয়া আক্তার। বুধবার (২৯ এপ্রিল) উপজেলার ঘোড়াশালের কাবিলা সড়কে এ ঘটনা ঘটে।
এর আগে ১৮ এপ্রিল ইতালি প্রবাসী নাজমুল হোসেনের স্ত্রী নাদিয়া কাউকে না বলে নিজের ৫ বছরের কন্যা সন্তান আফিয়াকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে কিছু-দিন পরকীয়া প্রেমিকের সঙ্গে রেখে বুধবার ঝড়-বৃষ্টির মাঝে সন্তানকে ঘোড়াশাল কাবিলা সড়কে একা ফেলে প্রেমিককে নিয়ে পালিয়ে যান।
ঘোড়াশাল পাইকসা গ্রামের রুহুল আমীনের ছেলে নাজমুল হোসেনের ৭ বছর আগে পাশের টেঙ্গরপাড়া গ্রামের সফিক মিয়ার মেয়ে নাদিয়া আক্তারের সঙ্গে প্রেমের বিয়ে হয় । বিয়ের দুই বছর পর মা বাবার কোল আলো করে জন্ম হয় আফিয়ার। স্ত্রী সন্তানের সুখের চিন্তা করে গেল বছর ইতালিতে পাড়ি দেন নাজমুল।
স্বজনরা জানায়, স্বামী প্রবাসে থাকায় গোপনে নাদিয়া পাশের আটিয়াগাঁও গ্রামের সাজিতের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। পরে সেই পরকীয়া প্রেমের টানে স্বামী সন্তানকে ত্যাগ করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান পরকীয়া প্রেমিকের হাত ধরে।
নাদিয়া শাশুড়ি জুলেখা বেগম বলেন, “পুত্রবধূর নাদিয়া বাড়ি থেকে না বলে চলে যাওয়ার সময় নাতনি আফিফাকে নিয়ে যায়। এসময় ঘরে থাকা নগদ ৩ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কারও নিয়ে যায়। পরে জানতে পারি, ঘোড়াশালের আঁটিয়াগাও গ্রামের সাজিত নামে এক যুবকের সঙ্গে পালিয়ে গেছে৷ ছেলে প্রবাসে যাওয়ার কয়েক মাস পরই সে গোপনে ওই ছেলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। তারা এক সপ্তাহ নাতনিকে সাথে রেখে পরে তাকে রাস্তায় ঝড়বৃষ্টির মধ্যে একা ফেলে চলে যায়। পরে স্থানীয় এলাকাবাসী শিশু বাচ্চাকে রাস্তায় একা কান্না করতে দেখে আমাদের খবর দেয়। এমন মা কখনো দেখিনি, যে তার গর্ভের এমন শিশু সন্তানকে রাস্তায় ফেলে চলে যেতে পারে।”
প্রবাসী নাজমুল হোসেন মোবাইল ফোনে জানান, এ ঘটনায় তিনি নাদিয়া ও তার পরকীয়া প্রমিক সাজিতের শাস্তি চান।
এ বিষয়ে নাদিয়ার বাবা সফিক মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি নাদিয়ার কোনো সংবাদ দিতে পারেননি।
অন্যদিকে সাজিতের বাবা টিটু মিয়াও একই কথা জানান।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে ছেলের বউ পালিয়ে যাওয়ায় নাদিয়ার শ্বশুর রুহুল আমীন একটি লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬