নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পশ্চিম ব্রাহ্মন্দী এলাকার উপজেলা মোড়ে কাজী মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত বায়ো স্কিন কেয়ার এন্ড মেকওভার পার্লার নামক একটি প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পার্লারটির ভেতরের সমস্ত আসবাবপত্র, আধুনিক মেশিনারিজ, বিভিন্ন কসমেটিকস ও স্কিন কেয়ারের দামি মেডিসিন এবং ৪টি এসি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ফাহমিদা ইসলাম জানান, গত ১৪ জুলাই ২০২৬ তারিখে রাত আনুমানিক ১১ টা ১৫ মিনিটের দিকে তার পার্লারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করেন। খবর পেয়ে নরসিংদী সদর মডেল থানা পুলিশ এবং নরসিংদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের দীর্ঘ দুই ঘন্টা চেষ্টা ও তৎপরতার রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্ত ও হিসাব অনুযায়ী, আগুনে পার্লারের কাঠ ও অন্যান্য সামগ্রী দিয়ে করা সুদৃশ্য ইন্টেরিয়র, মূল্যবান মেকওভার মেশিনারিজ, বিভিন্ন নামীদামী স্কিন কেয়ার মেডিসিন এবং ৪টি এয়ার কন্ডিশনার (এসি) পুড়ে গেছে। সব মিলিয়ে এই দুর্ঘটনায় প্রায় এক কোটি টাকার আর্থিক ক্ষতি সাধিত হয়েছে বলে জানান ফাহমিদা ইসলাম। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে জানান প্রতিষ্ঠানটির মালিক ফাহমিদা ইসলাম। এদিকে ফায়ার সার্ভিসের নরসিংদীর সিনিয়র স্টেশন অফিসার নাঈম ইবনে হাছান জানান,আগুনের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা যাচ্ছে না। তদন্তের পর বলা যাবে। এদিকে জানা যায়,অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬