ডেস্ক রিপোর্ট : নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী এলাকায় এক যুবককে অপহরণ করে মারধর, মুক্তিপণ আদায় এবং অর্থ ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মহিউদ্দিন (৩৮) রায়পুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দড়িয়াপাড়া গ্রামের বাসিন্দা মহিউদ্দিন গত ১৫ মে বিকেলে মোটরসাইকেলে করে বাঁশগাড়ী এলাকার মির্জাচর নৌকাঘাটে গেলে রুবেল মিয়া ওরফে ছোট রোবেল নামে এক ব্যক্তির নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র তাকে অপহরণ করে। পরে তাকে নৌকাযোগে মেঘনা নদীর বিভিন্ন স্থানে ঘোরানোর পর গভীর রাতে বাঁশগাড়ীর একটি নির্জন ঘরে নিয়ে আটকে রাখা হয়।
ভুক্তভোগীর অভিযোগ, সেখানে তাকে দফায় দফায় মারধর করা হয়। একপর্যায়ে তার কাছ থেকে নগদ এক লাখ টাকা, দুটি স্মার্টফোন এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য নিয়ে প্রায় ৪০ হাজার টাকা তুলে নেওয়া হয়। এছাড়া অপহরণকারীরা তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
অভিযোগে আরও বলা হয়, পরদিন অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে ভুক্তভোগীর পরিবার মোট ৪ লাখ ৯০ হাজার টাকা পরিশোধ করলে তাকে মুক্তি দেওয়া হয়। তবে তার ব্যবহৃত ইয়ামাহা মোটরসাইকেল, যার আনুমানিক মূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা, অপহরণকারীরা নিজেদের কাছে রেখে দেয়।
মহিউদ্দিন দাবি করেন, এ ঘটনায় তার প্রায় ১২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। মুক্তির পর অভিযুক্তরা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে তাকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬