নরসিংদী প্রতিনিধি: আসন্ন নরসিংদী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দিন দিন জমে উঠছে নির্বাচনী হাওয়া। শহরের অলিগলি থেকে শুরু করে চায়ের দোকান—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌর নির্বাচন। এই নির্বাচনে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি এবং সাবেক তুখোড় ছাত্রনেতা মোঃ খবিরুল ইসলাম বাবুল (ভিপি খবিরুল)। পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও অসাম্প্রদায়িক চেতনার পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে প্রতিদিন তিনি পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, রাজপথ ও কারাগারের ইতিহাস খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রজীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে আসেন ভিপি খবিরুল। নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের ঐতিহ্যবাহী নির্বাচনে বিপুল ভোটে এজিএস নির্বাচিত হন এবং পরবর্তী সময়ে ভিপি হিসেবে ছাত্ররাজনীতির নেতৃত্ব দেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মাঝেও তিনি দলের নীতি ও আদর্শে অবিচল থেকেছেন। বিএনপি করার কারণে বিগত ১৭ বছরে তাকে রাজনৈতিক প্রতিহিংসামূলক অসংখ্য মিথ্যা মামলার মুখোমুখি হতে হয়েছে। দলের জন্য রাজপথে আন্দোলন করতে গিয়ে বিভিন্ন মেয়াদে প্রায় ১৭ বছর তিনি জেল-জুলুম ও চরম নির্যাতনের শিকার হয়েছেন। শত প্রতিকূলতা ও কারাগারের অন্ধকার প্রকোষ্ঠও তাকে জনগণের অধিকার আদায়ের সংগ্রাম থেকে বিচ্যুত করতে পারেনি।
সামাজিক উন্নয়ন ও মানবিক কাজে অনন্য অবদান
ভিপি খবিরুল ইসলাম বাবুল সবসময় নিজেকে নিয়োজিত রেখেছেন সমাজসেবায়। বর্তমানে শুধু রাজনীতিই নয়, নরসিংদী পৌরসভার রাস্তাঘাট উন্নয়ন, বর্জ্য নিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থার সংস্কারসহ নানা সামাজিক ও উন্নয়নমূলক কাজে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছেন এই নেতা। করোনাকালীন সংকটের সময় যখন মানুষ ঘরবন্দী ছিল, তখন তিনি নিজের জীবন বাজি রেখে কর্মহীন, অসহায় মানুষের দুয়ারে দুয়ারে খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ পৌঁছে দিয়েছেন। এছাড়া শীতের তীব্রতায় কাঁপতে থাকা ফুটপাতের ছিন্নমূল ও দরিদ্র মানুষের মাঝে প্রতি বছর কম্বল বিতরণ, প্রত্যন্ত মোড়ে মোড়ে সুপেয় পানির জন্য নলকূপ স্থাপন এবং জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়নে ড্রেন পরিষ্কারের মতো অসংখ্য মানবিক কাজে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন।
পৌরসভার একাধিক ভোটারের সাথে কথা বলে জানা যায়, ভিপি খবিরুল ইসলাম বাবুল সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন। শহরের ৪ নং ওয়ার্ডের এক ব্যবসায়ী বলেন, "আমাদের এই শহরে যানজট আর ড্রেনেজের সমস্যা প্রকট। আমরা এমন একজন পৌর পিতা চাই, যাকে বিপদে-আপদে সবসময় কাছে পাওয়া যায়। খবিরুল ভাই ১৭ বছর জেল খেটেছেন, তবুও আমাদের ভুলে যাননি। তিনি সবসময় সাধারণ মানুষের কথা শোনেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করেন।"
আরেকজন সাধারণ ভোটার বলেন, তিনি একজন শিক্ষিত, সজ্জন এবং পরীক্ষিত নেতা। অসাম্প্রদায়িক চেতনা নিয়ে তিনি সবাইকে সমান চোখে দেখেন। যিনি দলের জন্য এবং জনগণের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারেন, তিনি পৌরসভার দায়িত্ব পেলে নরসিংদী একটি মডেল পৌরসভায় রূপান্তর হবে বলে আমরা বিশ্বাস করি।"
মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল বলেন, "জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমি নরসিংদী পৌরবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি। আমাদের মূল লক্ষ্য পিছিয়ে পড়া নরসিংদী শহরকে একটি আধুনিক, সুপরিকল্পিত এবং সম্পূর্ণ পরিচ্ছন্ন পৌরসভায় রূপান্তর করা। জীবনের বড় একটা সময় রাজপথে আর কারাগারে কাটিয়েছি শুধু এই অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আল্লাহ যদি আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেন, তবে এখানকার প্রধান সমস্যা—রাস্তাঘাটের আধুনিকায়ন, জলাবদ্ধতা দূরীকরণ এবং ময়লা-আবর্জনা নিষ্কাশনের জন্য স্থায়ী ও আধুনিক বৈজ্ঞানিক ব্যবস্থা গ্রহণ করব। আমি এই পৌরসভাকে এমন একটি নিরাপদ ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে নাগরিক সুবিধা থাকবে সবার হাতের নাগালে।"
পৌর নির্বাচনে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত সমর্থন ও সহমর্মিতা অব্যাহত থাকলে আসন্ন নির্বাচনে ভিপি খবিরুল ইসলাম বাবুল বিপুল ভোটে জয়লাভ করবেন বলে মনে করছেন তার কর্মী-সমর্থক ও স্থানীয় সাধারণ ভোটাররা।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬