নিজস্ব প্রতিবেদক : নরসিংদী শহরের শালিদা ও নাগরিকান্দি এলাকার প্রায় ৭০০ মানুষ দীর্ঘ তিন মাস ধরে চরম জলাবদ্ধতায় পানিবন্দি জীবন কাটানোর পর অবশেষে স্বস্তি ফিরে পেয়েছেন। সরকারি কালভার্টের মুখ খুলে দেওয়ার উদ্যোগের ফলে দ্রুত পানি নিষ্কাশন শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, এ কাজে গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকা রেখেছেন জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ।
স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধ দখলের কারণে এলাকার একমাত্র সরকারি কালভার্টটির পানিপ্রবাহ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। এর ফলে প্রায় ২৫০টি পরিবারের বসতঘরে হাঁটু থেকে গলাসমান পানি জমে থেকে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। তিন মাস ধরে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থী, শিশু, নারী ও বয়স্কদের দুর্ভোগও চরম আকার ধারণ করে।
অভিযোগ রয়েছে, কিছু প্রভাবশালী ব্যক্তি সরকারি কালভার্ট দখল করে পানিপ্রবাহ বন্ধ করে রাখায় পুরো এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল।
এ অবস্থায় জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ উদ্যোগ নিয়ে ঘটনাস্থলে ড্রেজার এনে সরকারি কালভার্টের মুখ খুলে দেন। স্থানীয়দের ভাষ্য, বিভিন্ন চাপ ও প্রভাব উপেক্ষা করে তিনি সরাসরি তদারকি করেন এবং পানি চলাচলের পথ উন্মুক্ত করেন। এরপর থেকেই দ্রুত পানি নামতে শুরু করে।
স্থানীয় বাসিন্দারা জানান, এই উদ্যোগের ফলে প্রায় ৭০০ মানুষ দীর্ঘদিনের পানিবন্দি অবস্থা থেকে মুক্তি পাচ্ছেন। তাদের আশা, খুব অল্প সময়ের মধ্যেই পুরো এলাকা জলাবদ্ধতামুক্ত হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
এলাকাবাসীর মতে, মানুষের দুর্ভোগ লাঘবে সিদ্দিকুর রহমান নাহিদের এই উদ্যোগ একটি মানবিক ও সময়োপযোগী পদক্ষেপ। তারা সরকারি জলপথ ও কালভার্ট দখলমুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্থায়ী ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬