নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ২০০৮ থেকে ২০২৪ সালের চার চারটি নির্বাচন ছিল ভুয়া। দিনের ভোট রাতে হয়েছে, কবরের শায়িত মৃত ব্যক্তিদের ভোট আওয়ামীলীগ দিয়েছে। যারা ভোট দেয়নি তাদের ভোটও সেখানে দেখানো হয়েছে আওয়ামীলীগের পক্ষে। এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে পলাশের চারজন তাজা প্রাণসহ হাজারো শহীদের রক্তের বিনিময়ে আজ জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। বিগত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিনের দুঃশাসন ও ভোটারবিহীন নির্বাচনের যুগের অবসান ঘটে। আর এই নির্বাচনের মাধ্যমে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা বিএনপি আয়োজনে নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৫ সালের পর ধ্বংসপ্রাপ্ত দেশকে যেভাবে পুনর্গঠন করেছিলেন, ঠিক একইভাবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ধ্বংস হয়ে যাওয়া অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামো পুনরুদ্ধার করা হচ্ছে। বিএনপি কখনো জোর করে ক্ষমতা দখল করেনি বরং গণতন্ত্রে বিশ্বাস করে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকেছে।
পলাশের স্থানীয় শিল্পকারখানাগুলো দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে উল্লেখ করে তিনি ঘোষণা দেন যে, অচিরেই পলাশের ধুঁকতে থাকা কলকারখানা সচল করতে এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জেলা পরিষদ, সিটি কর্পোরেশন ও উপজেলা পরিষদ পর্যন্ত প্রতিটি স্থানীয় সরকার শক্তিশালী করতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়া, যুবদলের সভাপতি এড. এম এ বাছেদ, সাধারণ সম্পাদক মাসুদ খান, ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬