নরসিংদী প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নরসিংদীর ঐতিহ্যবাহী চিনিশপুর কালীবাড়ি মন্দিরে প্রার্থনা ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নরসিংদী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি নরসিংদী সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এবং মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট শিরীন সুলতানা এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

এসময় বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্যও প্রার্থনা করেন উপস্থিতরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপক কুমার বর্মন প্রিন্স, সদস্য সচিব মিঠু রঞ্জন ধর, যুগ্ম আহ্বায়ক কাজল সাহা, ননী গোপাল দাস, অ্যাডভোকেট তুষার মিত্র, সঞ্জয় সূত্রধর, বিনয় ভূষণ সাহা, প্রশান্ত কুন্ডু, রনি বর্মনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নরসিংদী জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপক কুমার বর্মন প্রিন্স বলেন, “ বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আমরা চিনিশপুর কালীবাড়িতে প্রার্থনার আয়োজন করেছি। তাঁর আত্মার শান্তি কামনা করছি। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য প্রার্থনা করেছি।” পরে মন্দিরে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬